প্রথম পাতা > উইকি কমিউনিটি, উইকিপিডিয়া, গুগল, টিউটোরিয়াল, বাংলা কম্পিউটিং, লোকালাইজেশন > গুগুল ট্রান্সলেশন টুলকিটে উইকিপিডিয়ার জন্য সহজে নিবন্ধ অনুবাদ

গুগুল ট্রান্সলেশন টুলকিটে উইকিপিডিয়ার জন্য সহজে নিবন্ধ অনুবাদ

যারা উইকিপিডিয়ায় বিভিন্ন নিবন্ধ যোগ করে অবদান রাখেন, তাদের জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায় হচ্ছে ইংরেজি বা অন্য কোন ভাষার উইকিপিডিয়া থেকে সরাসরি নিবন্ধ অনুবাদ করা। সহজ এবং নিরাপদ এই জন্যে যে উইকিপিডিয়া অনুবাদের ফলে অবদানকারীকে তথ্যের উৎস এবং কপিরাইট নিয়ে চিন্তা করতে হয় না। কারণ সকল উইকিপিডিয়াই একই লাইসেন্সের আওতায় নিবন্ধ প্রকাশ করে। একটি উইকিপিডিয়া লেখা ছাড়াও বিভিন্ন ছবি, উইকি মার্কআপ, ইনফোবক্স, রেফারেন্স এবং বিভিন্ন ট্যাগ দিয়ে নিবন্ধটি বিন্যাসিত থাকে। সাধারণভাবে এগুলোকে অনুবাদক বা অবদানকারী নিজেকেই খেয়াল এবং রক্ষণাবেক্ষণ করতে হয়। তবে একটি বড় এবং ভাল মানের নিবন্ধকে অনুবাদ করতে একজন অবদানকারীকে নিবন্ধের সকল বিষয় খেয়াল রেখে অনুবাদের কাজ করতে বেশ কষ্ট করতে হয়। অনেক সময় যা প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে। ফলে অনুবাদের কাজটিও অনেক সময় মান সম্পন্ন হয়ে ওঠে না।

গুগুল ট্রান্সলেশন টুলকিট ওয়েবভিত্তিক এমন একটি অ্যাপ্লিকেশন যা উইকিপিডিয়ার জন্য অনুবাদকারীকে অনুবাদ কাজে এসব বিষয়ে সহযোগিতা সহ আরও বেশ কিছু সুবিধা দিয়ে থাকে। এ অ্যাপ্লিকেশনটি অনুবাদ কাজকে আরও সহজ এবং সাচ্ছ্ন্দময় করে। আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় এটি উইকিপিডিয়ার জন্য যে কোন অনুবাদে বেশ কার্যকরী। আমার অভিজ্ঞতা থেকে অ্যাপ্লিকেশনটি কিভাবে উইকিপিডিয়া অনুবাদে কার্যকরীভাবে ব্যবহার করা যায় তা শেয়ার করছি।

ট্রান্সলেশন টুলকিট ব্যবহার করতে আপনার ইন্টারনেট ব্রাউজারে এই ওয়েবসাইটটি খুলুন, http://translate.google.com/toolkit

গুগুল ট্রান্সলেশন টুলকিটে Upload বোতাম

ট্রান্সলেশন টুলকিটে উইকিপিডিয়ার কোন নিবন্ধ স্বয়ংক্রিয় যোগ করতে সাইটের Upload বোতামে ক্লিক করুন। এতে নতুন একটি উইন্ডো বা ট্যাবে আরেকটি ওয়েবপেইজ খুলবে।

Wikipedia™ article লিংকে ক্লিক করতে হবে

নতুন পেইজে উইকিপিডিয়ার নিবন্ধ আপলোড করতে Wikipedia™ article লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে URL লেখার স্থানে ইংরেজি বা অন্য কোন উইকিপিডিয়া যেখান থেকে আপনি নিবন্ধ অনুবাদ করতে চান সেই উইকিপিডিয়াতে পাতাটির URL দিতে হবে। যেমন আমি ইংরেজি উইকিপিডিয়ার Ambika Charan Guha নিবন্ধটির লিংক দিয়েছিলাম, http://en.wikipedia.org/wiki/Ambika_Charan_Guha

ট্রান্সলেশনের কাজটির একটি নাম এবং কোন ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করবেন তা নির্বাচন করে Upload for translation বোতামে ক্লিক করতে হবে।

তিন অংশ বিশিষ্ট ট্রান্সলেশন টুলকিট পাতা

এতে নিবন্ধটি ট্রান্সলেশন টুলকিটে যুক্ত হয়ে এমন একটি পাতা লোড হবে যার মূলত তিনটি অংশ রয়েছে। এক. পাতার বাম পাশে মূল লেখার অংশ দুই. পাতার ডান পাশে অনুবাদের জন্য অংশ এবং তিন. পাতার নিচে অনুবাদের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ পরামর্শ বা ডিকশনারির শব্দ পরামর্শের জন্য অংশ।

ডান পাশের অংশে একটি টেক্সট বক্স আসবে যেখানে মূল লেখার একটি করে লাইন অনুবাদের জন্য আসবে। এক লাইন অনুবাদ শেষ হলে Next চাপলে পরবর্তী লাইনটি অনুবাদের জন্য আসবে। Previous চেপে আগের লাইনে যাওয়া যাবে।

সংখ্যা ভিত্তিক কোড সহ অনূদিত একটি লাইন

খেয়াল করুন প্রতিটি লাইনে লেখা ছাড়াও কিছু শব্দ বা শব্দ গুচ্ছের আগে পিছে কিছু সংখ্যা ভিত্তিক কিছু কোড লেখা থাকবে যেমন {0} {/0} ({2/}) ইত্যাদি। এ কোডগুলো দিয়েই আসলে মূল নিবন্ধের উইকি মার্কআপ, রেফারেন্স বা তথ্যসূত্র সহ অন্যান্য বিন্যাস সম্পর্কিত বিষয়াদি অনুবাদে চিহ্নিত করা হয়। ফলে খেয়াল রাখতে হবে মূল লেখায় এই কোড বা চিহ্নগুলো যে শব্দের সাথে সংযুক্ত ছিল অনুবাদ লেখায় যেন ঠিক ঐ শব্দের অনুবাদের সাথেই হুবুহু থাকে। অনুবাদের সময় হয়তো কোন শব্দ আগে পরে হতে পারে, তাই কোড গুলোও হয়তো আগে পরে হবে। এতে সংখ্যার ক্রম উলোট পালোট হলেও ঠিক ঐ শব্দের সাথেই কোড গুলো থাকতে হবে।

পাতার নিচে Automatic translation search এ সম্ভাব্য অনুবাদ পরামর্শ

আরও খেয়াল করবেন অনুবাদ অংশে কিছু শব্দ বা শব্দগুচ্ছের অনুবাদ স্বয়ংক্রিয়ভাবে দেওয়া থাকতে পারে। যা টুলকিট তার ট্রান্সলেশন মেমোরিতে জমাকৃত আগে থেকে করা অনুবাদ ব্যবহার করে করেছে। ঐ লাইনটি লোড হলে এর সম্ভাব্য অনুবাদ পরামর্শ পাতার নিচের অংশে Automatic translation search অংশে প্রদর্শন করবে।  প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে করা অনুবাদ সম্পাদনা করা যাবে।

এছাড়া পাতার নিচে Custom translation search অংশে কোন শব্দের অর্থ আলাদাভাবে ট্রান্সলেশন মেমোরি এবং গুগুল ডিকশনারীতে অনুসন্ধান করা যাবে। পাতার নিচের অংশেই যাবতীয় অনুবাদ পরামর্শগুলো প্রদর্শন করবে।

কাজের স্বার্থে প্রয়োজনে View অপশন থেকে পাতার লেআউট পরিবর্তন করা যাবে, যেমন অনুবাদ অংশটি নিচে এতে পরামর্শের জন্য অংশটি ডান পাশে সরিয়ে নেওয়া যাবে।

পাতার অনুবাদ শেষ হলে এবার পালা নিবন্ধ উইকিপিডিয়াতে আপলোড করার।

অনুবাদ নিবন্ধটি সরাসরি সোর্স পেইজে আপলোড

নিবন্ধটির অনুবাদ যথেষ্ট পরিমাণে শেষ হলে খুব সহজেই অনুবাদ কাজটি কোন রকম কপি পেস্ট ছাড়াই সরাসরি উইকিপিডিয়াতে আপলোড করা যাবে। এর জন্য অনুবাদ পাতায় Share বোতামে ক্লিক করে Publish to source page এ ক্লিক করতে হবে। এতে করে অনুবাদের উপরে উল্লেখ করা নিবন্ধের শিরোনাম অনুসারে টারগেট বা লক্ষ্য উইকিপিডিয়াতে ঐ নামের পাতায় অনুবাদটি সরাসরি পোষ্ট হবে। এ সময় অনুবাদে উল্লেখ করা কোড অনুযায়ী যাবতীয় উইকি মার্কআপ, লিংক, ফরমেটিং, রেফারেন্স উইকিপিডিয়া পাতায়ও পোষ্ট হয়ে যাবে। এর জন্য অনুবাদককে আলাদা ভাবে ভাবতে বা কোন কাজ করতে হবে না। এমনকি টুলকিট টার্গেট উইকিপিডিয়ায় থাকা নিবন্ধগুলোর সাথে মিলিয়ে লিংক এবং সোর্স উইকিপিডিয়ার নিবন্ধের সাথে মিলিয়ে ইন্টারউইকি লিংকও ঠিক করে দিবে। তবে নিবন্ধে থাকা ইনফোবক্স এবং ছবি স্বয়ংক্রিয়ভাবে উইকিপিডিয়ার পাতায় যোগ করলেও তা উইকিপিডিয়ার পাতায় আলাদা ভাবে অনুবাদ করে দিতে হবে।

এছাড়াও টুলকিটের মাধ্যমে অনুবাদের কাজ একাধিক অনুবাদক মিলে করতে চাইলে অনুবাদের কাজটি অন্যের সাথে শেয়ার করা যাবে। এবং ইন্টারনেট ভিত্তিক হওয়াতে বিশ্বের যেকোন জায়গা হতে ইন্টারনেটে এই অনুবাদ কাজ সম্পন্ন করা যাবে।

আমি বাংলা উইকিপিডিয়ার http://bn.wikipedia.org/wiki/অম্বিকাচরণ_গুহ নিবন্ধটি এই ট্রান্সলেশন টুলকিটের মাধ্যমে করেছি। আমার কাছে এই টুলকিটটি সহজ এবং কার্যকরী মনে হয়েছে। আপনারা যারা অন্য উইকিপিডিয়া থেকে অনুবাদ করে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে চান, তারা চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আপনার অনুবাদ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হবে।

  1. Al-Amin Hossain
    এপ্রিল 1, 2011 at 11:26 পুর্বাহ্ন | #1

    আমি আপনার নিয়মে “ব্যাকস্ট্রীট বয়েজ” এর জন্য বাংলা উইকি পেজ তৈরী করেছিলাম। কিন্তু দু:খের বিষয় আধঘন্টার মধ্যে পেজটি ডিলিট করা হয়েছে। কারন হিসেবে উল্লেখ করা হয়েছে এরকম:
    “Recently created article that duplicates an existing topic, Backstreet Boys (CSD A10))”
    উল্লেখ্য আমি ওই ইংরেজী পেজ এর প্রথম দুই প্যারা অনুবাদ করে কপি পেস্ট করে দিয়েছিলাম উইকিতে আর তথ্যসূএ হিসেবে ব্যান্ডদলটির অফিসিয়াল ওয়েবসাইটির নাম দিয়েছিলাম।

    এর আগেও আমি প্রায় চারটি পেজ তৈরী করলেও কিছুক্ষনের মধ্যে তা ডিলিট হয়ে গিয়েছিল। একারনে লেখার আগ্রহ দিনকে দিন হারিয়ে ফেলছি।

    আপনার পরামর্শ চাই।

    • এপ্রিল 1, 2011 at 11:39 পুর্বাহ্ন | #2

      অর্ধ সমাপ্ত কোন নিবন্ধ এ উপায়ে উইকিপিডিয়ায় আপলোড করলে, তা উইকিপিডিয়া পেইজের আগের লেখাগুলো রিপ্লেস করে দেয়। ফলে আপনার অনুবাদ দেওয়ার আগেই যদি উইকিপিডিয়ায় ভাল কন্টেন্ট থেকে থাকে তাহলে আপনার অর্ধ সমাপ্ত নিবন্ধ দিয়ে আগের ভাল নিবন্ধটি রিপ্লেস হয়ে যায়। আমার মনে হয় একারণেই আপনার লেখাগুলোকে বাদ দেওয়া হয়েছিল। আপনি যদি রিপ্লেস আগের লেখাগুলোর সাথেই আপনার অনুবাদগুলো যোগ করতেন তাহলে, মুছে ফেলার কোন কারণ দেখি না।

      যা হোক, আবার শুরু করুন। চেষ্টা করুন নতুন নিবন্ধ নিয়ে কাজ করতে। কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

    • জুন 24, 2011 at 9:23 পুর্বাহ্ন | #3

      কারও লেখা বারে বারে মুছে দিলে আগ্রহের কমতি হওয়াটা স্বাভাবিক, তবে অন্যান্য ব্লগ বা ফোরাম থেকে উইকিপিডিয়ার পার্থক্য হল উইকিপিডিয়াতে এই বিষয়ে আলোচনা করার অনেক সুযোগ রয়েছে। যিনি আপনার নিবন্ধ মুছে দিয়েছেন তিনি যদি কোন কারণ উল্লেখ করে নাও থাকেন তাহলে সরাসরি এবং সহজে আপনি তাকে মুছে ফেলার কারণ জিজ্ঞাসা করতে পারেন। কেন আপনার লেখাগুলো মুছে দেওয়া হচ্ছে আলোচনার মাধ্যমে তা জানতে পারলে হয়তো পরবর্তীতে আপনি নিজেকে শুধরে নিয়ে উইকিপিডিয়ায় অবদান রাখতে পারতেন।

      আবারও শুরু করুন। অন্যান্য উইকিপিডিয়ানের সাথে উইকিপিডিয়াতেই আলোচনা করুন।

  2. এপ্রিল 1, 2011 at 4:22 অপরাহ্ন | #4

    একটা জিনিশ বুঝলাম না… গুগল তো এখনো বাংলায় অনুবাদ সেবা প্রদান করে না, তাই না? মানে, অন্তত http://translate.google.com/ ওয়েবসাইটটা তে না…

    • এপ্রিল 1, 2011 at 4:42 অপরাহ্ন | #5

      হ্যা আপনি ঠিক বলেছেন, গুগুল এখনও বাংলায় মেশিন ট্রান্সলেশন সাপোর্ট করে না। টুলকিটটি দিয়ে আমরা ম্যানুয়াল ট্রান্সলেশনের কাজটি আরও সহজ এবং ঝামেলা বিহীনভাবে করতে পারবো।

  3. জুন 23, 2011 at 11:14 অপরাহ্ন | #6

    পোষ্টটা সেভ করে রাখলাম, পরে আবার সময় নিয়ে পড়তে হবে। উইকিতে খুব আগ্রহের সাথে কাজ শুরু করেছিলাম, কিন্তু অনুবাদের কাজটা খুব টাইম-কনজ্যুমিং হয়ে যাওয়ায় এখন বলতে গেলে ছেড়েই দিয়েছি। আমার দু’টো প্রশ্ন ছিল,

    ১) আমি একটি নিবন্ধ এক-চতুর্থাংশের মত অনুবাদ করেছি। এই টুলকিট ব্যবহার করলে কি পুরোটাই ওভার-রাইট হয়ে যাবে?

    ২) আমি মূলত বিজ্ঞান-বিষয়ক নিবন্ধ অনুবাদ করি, বলাই বাহুল্য ওগুলোতে প্রচুর বিভাষা বা jargon থাকে। টুলকিট কি এগুলো সঠিকভাবে অনুবাদ করতে পারবে? ইন জেনারেল, টুলকিটে অনুবাদ করার পর কি আমাকে সেগুলো আবার রিভাইজ করতে হবে? উইকিতে বিভিন্ন সময় সদস্যদের “মেশিন ট্রান্সলেশন” এর ব্যাপারে অভিযোগ করতে দেখেছি, ওটার সাথে এর সম্পর্ক কি?

    • জুন 24, 2011 at 12:41 অপরাহ্ন | #7

      আপনার প্রশ্নের উত্তরে,
      ১) আপনি যে নিবন্ধটি এক-চতুর্থাংশ অনুবাদ করেছেন, আগে দেখে নিন উইকিপিডিয়াতে নিবন্ধটির কি অবস্থা? যদি মনে করেন নিবন্ধ যা কন্টেন্ট আছে তা আপনার অনুবাদ করা অংশেও রয়েছে তাহলে তা ওভার রাইট বা রিপ্লেস করলে অসুবিধে নেই। যদি দেখেন যে নিবন্ধে এমন কোন তথ্য আছে যা আপনার করা অনুবাদে নেই তাহলে ঐ তথ্যগুলো অন্য কোথাও অফলাইনে/অনলাইনে ব্যাকআপ রাখুন। আপনার অনুবাদগুলো যোগ করার পরে ঐ বাড়তি তথ্যগুলো নিবন্ধে যথাস্থানে যোগ করে দিন।

      ২) টুলকিটে মেশিন ট্রান্সলেশন খুব কমই হয়। যদি গ্লোসারিতে কোন শব্দ থেকে থাকে তাহলে শুধুমাত্র ঐ শব্দকেই সে অনুবাদ করবে, তাও সব সময় সঠিক হবে তাও নয়। আপনাকে অবশ্যই রিভিউ করতে হবে। তাই পুরো অনুবাদের কাজটি আসলে হাতেই করতে হবে। যদি কোন বৈজ্ঞানিক শব্দের প্রচলিত পরিভাষা জানা থাকে তাহলে তাই ব্যবহার করুন। নতুবা যদি ঐ শব্দটিই বেশি প্রচলিত হয়ে থাকে তাহলে তা ব্যবহার করুন। আর যদি বাংলা ভাষায় একেবারে নতুন বা অপ্রচলিত কোন শব্দ হয়ে থাকে তাহলে তা বাংলা উচ্চারণ করে লিখে দিন। পাশে মূল ইংরেজি শব্দটিও ব্র্যাকেটে লিখে দিতে পারেন।

      আসলে মেশিন ট্রান্সলেশনের ব্যাপারে অভিযোগ যা আসে তাহল,অনেকেই মেশিন ট্রান্সলেটর দিয়ে করা অনুবাদ কোন রকম রিভিউ ছাড়াই উইকিপিডিয়াতে পোষ্ট করেন। আর বর্তমান বাংলা মেশিন ট্রান্সলেটরের মান খুব একটা সন্তোষজনক নয় যে তা হুবুহু কপি পেস্ট করে উইকিপিডিয়াতে দেওয়া যাবে। যেহেতু বাংলা উইকিপিডিয়াতে স্বেচ্ছাসেবকের সংখ্যাও কম তাই এই বাজে অনুবাদগুলো ঠিক করা স্বল্প সংখ্যক উইকিপিডিয়ানের পক্ষে সম্ভব হয় না। তাই বাজে মানের মেশিন ট্রান্সলেশন বাংলা উইকিপিডিয়ায় দেওয়ার জন্য অবদানকারীদের আমরা অনুৎসাহিত করি।

      • জুন 26, 2011 at 3:11 অপরাহ্ন | #8

        অনেক ধন্যবাদ।

        আরেকটা প্রশ্ন- আমি টুলকিট ব্যবহার করে অনুবাদ করলে ঠিক কি উপকার হবে? মানে, টুলকিটের বাংলা অনুবাদ কিভাবে উন্নত হবে?

  4. জুন 24, 2011 at 11:41 পুর্বাহ্ন | #9

    very useful post.

  5. জুন 26, 2011 at 10:36 অপরাহ্ন | #10

    পৃথিবী :

    অনেক ধন্যবাদ।

    আরেকটা প্রশ্ন- আমি টুলকিট ব্যবহার করে অনুবাদ করলে ঠিক কি উপকার হবে? মানে, টুলকিটের বাংলা অনুবাদ কিভাবে উন্নত হবে?

    উপকার যা হবে তা আমি ব্লগেই লিখেছি, তারপরেও একটু পরিস্কার করি,
    এক. গুগুল আপনার প্রতি লাইন অনুবাদ তার ট্রান্সলেশন মেমোরিতে জমা করছে এবং পরবর্তীতে বাংলা অনুবাদ মানোন্নয়নে তা ডাটা হিসেবে ব্যবহার করছে।
    দুই. টুলকিটে ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধ বাংলায় অনুবাদ করে বাংলা উইকিপিডিয়ায় দিলে উপরের উপকারটির সাথে সাথে বাংলা উইকিপিডিয়াও সমৃদ্ধ এবং উপকৃত হবে।

  6. অক্টোবর 5, 2011 at 1:33 পুর্বাহ্ন | #11

    দারূণ কাজের পোস্ট।

  7. অক্টোবর 8, 2011 at 10:21 অপরাহ্ন | #12

    registration

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.