উইকিপিডিয়ার জন্য ফটো ওয়াক (Photo Walk) ১
ঢাকা উইকিমিটআপ ৮ এ শাবাব মোস্তফা এবং রণদীপম বসু ফটো ওয়াকের এই আইডিয়াটি প্রস্তাব করেছিলেন। তাদের দাবি ছিল, উইকিপিডিয়ার জন্য কোন অঞ্চল ভিত্তিক ফ্রি ছবি সংগ্রহের জন্য এটি একটি কার্যকরি পন্থা হতে পারে। শাবাব ভাই এবং রণদীপমদাকে অনুরোধ করেছিলাম, তারা যেন একটি ফটো ওয়াক আয়োজন করে। তাহলেই এর কার্যকারীতা, ভুল-ত্রুটি সব যাচাই করা যাবে।
তো ফটো ওয়াক হচ্ছে কোন নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে তার মূল সড়ক ধরে ক্যামেরা নিয়ে সদলবলে বেড়িয়ে পড়া। সড়ক নির্বাচনের আগে ঐ এলাকার স্থাপনা সমূহের সম্ভাব্য একটি তালিকা তৈরি করে নেওয়া হয়। নির্ধারণ সড়ক ধরে হাটতে হাটতে চোখের সামনে উল্লেখযোগ্য যা কিছু পরে তার ছবি তুলে নেওয়া। পুরো এলাকা একবার চক্কর দেওয়া যেতে পারে আবার চক্রাকারে বার বার ঘুরেও ছবি তোলা যেতে পারে। উইকিপিডিয়ার জন্য ফটো ওয়াকের সব ছবি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হবে, যাতে উইকিপিডিয়া সহ সকল সহযোগি প্রকল্পে ছবিগুলো ব্যবহার করা যেতে পারে।
ঢাকা উইকি মিটআপ ৮ এর প্রস্তাব এবং সিদ্ধান্ত মোতাবেক উইকিপিডিয়ার জন্য মিরপুর এবং তৎসংলগ্ন এলাকার ফ্রি ও উন্মুক্ত ছবি তোলার নিমিত্তে এ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রথম Photo Walk -এর জন্য আগামী ১৮ই ডিসেম্বর, ২০১০, শনিবারকে বেছে নেয়া হয়েছে।
ওইদিন আগারগাঁও, শ্যামলী শিশুমেলা, মানিকমিয়া এভিনিউ, খামার বাড়ী, বিজয় স্মরণী, নির্বাচন কমিশন সচিবালয় হয়ে পুনরায় আগারগাঁও, এইভাবে বৃত্তাকারে হাঁটা এবং ছবি তোলার পরিকল্পনা করা হয়েছে। ছবি তোলার প্রাথমিক বিষয় বস্তু হচ্ছে বিভিন্ন সরকারী ও বেসরকারী ভবন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, জাদুঘর, পার্ক এবং হাসপাতাল। এছাড়া উপরি হিসেবে থাকবে বিভিন্ন পেশাজীবি মানুষ এবং অন্যান্য তাৎক্ষণিকভাবে প্রাপ্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষনীয় ছবি। ইতিমধ্যেই স্মৃতির ভিত্তিতে শুধুমাত্র স্থাপনাগুলোর যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে তাতে সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। আশা করা যাচ্ছে ভ্রমণের সময় আমরা আরো কিছু স্থাপনা খুঁজে পাওয়া যাবে।
এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত এবং আগ্রহী যে কেউই (ক্যামেরা থাকুক আর নাই থাকুক) আমাদের সাথে যোগ দেবার জন্য সাদরে আমন্ত্রিত।
যারা মিরপুর থেকে যোগ দিতে ইচ্ছুক তাদের সাথে দেখা হবে শনিবার সকাল ১০টায়, মিরপুর ১০ নম্বর গোল চত্বর (মুসলিম সুইটস এর সামনে) এবং যারা মিরপুরের বাইরে থেকে যোগ দিতে চান তাদের সাথে দেখা হতে পারে আগারগাঁও আবহাওয়া ভবনের সামনে সকাল সাড়ে ১০টায়। যেহেতু এটি সারাদিনের পরিকল্পনা, অতএব চার-পাঁচ ঘন্টা পায়ে হাঁটার মত মানসিক এবং শারীরিক প্রস্তুতি থাকলে ভাল হবে। আরো তথ্য এবং যোগাযোগের নিমিত্তে ফোন নম্বর সংগ্রহের জন্য shabab.mustafa@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।
ফেইসবুক ইভেন্ট পেজ, http://www.facebook.com/event.php?eid=167602586611079





ধন্যবাদ বেলায়েত ভাই, উইকি ফটো ওয়াকের আমন্ত্রণ সবাইকে পৌছানোর উদ্যোগ নেয়ার জন্য। স্বাগত জানাচ্ছি এই উন্মুক্ত স্বতঃস্ফূর্ত আয়োজনে সবাইকে।